জকিগঞ্জে ১৫ মাদক কারবারি গ্রেফতার

সিলেটের জকিগঞ্জ উপজেলায় মাদক, চোরাচালান, চুরি ও অন্যান্য অপরাধ দমনে ব্যাপক অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং চুরির মামলার আসামিসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দিনব্যাপী পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) দিনব্যাপী সিলেটের জকিগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে পৃথক অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় জকিগঞ্জ-শেওলা সড়কের পাশে আব্দুল কাদিরের বাড়ির সামনে থেকে ৬০০ পিস ইয়াবা বড়িসহ আব্দুল কাইয়ুম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামের মৃত আব্দুল জব্বার ছেলে। এছাড়াও এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি এবং পলাতক আরও এক আসামির বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা নং-০৭, তারিখ ১৮ জুন ২০২৬ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে একই দিনে জকিগঞ্জ থানার কয়েকটি পৃথক আভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরির মামলার এক আসামি, বিভিন্ন মামলার ৫ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ৮ জনকে গ্রেফতার করে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। মাদক, চোরাচালান ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন