- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

জকিগঞ্জে আধুনিক স্থাপত্যে তোফখানা কেন্দ্রীয় জামে মসজিদের যাত্রা শুরু

সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নে শত বছরের পুরনো ঐতিহ্যের সঙ্গে আধুনিক স্থাপত্যশৈলীর সমন্বয়ে নির্মিত ‘তোফখানা কেন্দ্রীয় জামে মসজিদ’-এর উদ্বোধন করা হয়েছে। ১৩ মার্চ, শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে মসজিদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালের পরিক্রমায় জকিগঞ্জের এই প্রাচীনতম মসজিদটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। পরে এলাকাবাসী ও প্রবাসীদের বড় অঙ্কের আর্থিক সহায়তায় মসজিদটিকে নতুন আঙ্গিকে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নান্দনিক কারুকাজ ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই মসজিদটি এখন এলাকার অন্যতম দৃষ্টিনন্দন স্থাপনায় পরিণত হয়েছে।

শুক্রবার দুপুরে আয়োজিত উদ্বোধনী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মসজিদ কেবল ইবাদতের জায়গা নয়, বরং এটি ইসলামি ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। আধুনিক এই স্থাপত্যটি নির্মাণে যারা শ্রম ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মানিকপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস শহীদ এবং তোফখানা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি আশরাফ উদ্দিন চৌধুরী,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ আহসান আহমদ চৌধুরী, মোস্তফা উদ্দিন, শরিফ উদ্দিন, মাখন মিয়া, হযরত শাহ কাছিম (রহঃ) ইসলামি যুব সংঘটনের সভাপতি নেজাম আহমদ চৌধুরী, মারুফ আহমদ, মাহিন আহমদ, অলিউর রহমান, গুলজার আহমদ, এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক মুসল্লি জুম্মার নামাজে অংশ নেন।

মসজিদ কমিটি জানায়, শতবর্ষী এই মসজিদের মূল কাঠামো ঠিক রেখে আধুনিক প্রযুক্তি ও শৈল্পিক কারুকাজ ব্যবহার করা হয়েছে। এই নির্মাণ প্রকল্পে প্রবাসীদের অবদান ছিল উল্লেখ করার মতো। গ্রামের প্রবীণ বাসিন্দারা বলছেন, নতুন রূপে মসজিদটি ফিরে পাওয়ায় এলাকার ধর্মীয় ঐতিহ্যের একটি নতুন অধ্যায় শুরু হলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন