সিলেটের জকিগঞ্জ উপজেলার রসুলপুরস্থ কমর উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২০২৬ শিক্ষাবর্ষের ‘শিক্ষা উৎসব ও ভর্তি উৎসব’ এবং মরহুমা ছায়রা চৌধুরী স্মৃতি নামাজ কক্ষের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারুক আহমদ চৌধুরী। বিদ্যালয়ের আইসিটি শিক্ষক নাজমুন নাহার জুতির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জালাল উদ্দীন, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদ, বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক আহমদ, কালিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জুবায়ের আহমদ, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক এ.কে.এম রফিকুল আলম, আল আমিন, তনিমা হক চৌধুরী, দীপ্তি রানী বৈদ্য, সামিয়া আক্তারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে অত্যন্ত ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক কিছু পদক্ষেপের কথা ঘোষণা করা হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত নতুন ভর্তিকৃত সকল শিক্ষার্থীর জন্য ভর্তি ফি ও স্কুল ড্রেস সম্পূর্ণ ফ্রি। এছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে কলাকুটা মেইন রোড হতে বিদ্যালয় পর্যন্ত বিনামূল্যে নিজস্ব পরিবহন ব্যবস্থা এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য ২,৪০০ থেকে ৩,৬০০ টাকা পর্যন্ত বিশেষ স্কলারশিপের ঘোষণা দেওয়া হয়েছে।
দুর্গম এই জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সমাজসেবক ইফজাল আহমদ চৌধুরীর এই প্রশংসনীয় উদ্যোগের কথা উল্লেখ করে বক্তারা বলেন, এলাকার উন্নয়নের জন্য এমন একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান অত্যন্ত প্রয়োজনীয় ছিল।
বিদ্যালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন শিক্ষাবর্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করতে ইতোমধ্যে বিদ্যালয়ের জন্য বর্ধিত জমি ক্রয়, পুরাতন ভবন সংস্কার এবং ক্লাসরুমগুলোকে আধুনিকায়ন করার কাজ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের কেবল পুঁথিগত শিক্ষায় নয়, বরং নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বজায় রাখার আহ্বান জানানো হয়।
