জকিগঞ্জে মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের খাবার বিতরণ

জকিগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের আয়োজন, কোরআন খতম, দোয়া মাহফিল এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জামিয়া উবায়দুল হক (রহ.) উজিরপুর মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও ইসলামী সংগীতশিল্পী রিয়াদুর রহমান চৌধুরীর শ্রদ্ধেয় পিতা এবং যুক্তরাষ্ট্র প্রবাসী তুহিন আহমেদের মমতাময়ী মায়ের রূহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মানবসেবা ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার, জামিয়া উবায়দুল হক (রহ.) উজিরপুর মাদরাসার সভাপতি ইসহাক আলী, বিরশ্রী ইউনিয়নের সাবেক সদস্য আতাউর রহমান, জকিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি সাংবাদিক এনামুল হক মুন্না, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান, মাদরাসার মুহতামিম মাওলানা আলী আহমদ, শিক্ষক হাফিজ মাওলানা আব্দুশ শহিদ, এইচ. এম. হোসাইন আহমদ, মাস্টার লুৎফর রহমান, হাফিজ তানভীর আহমদ, মানবসেবা ফাউন্ডেশনের সদস্য জামিল আহমদ জামাল, গউসুল আলম ও রাহিম চৌধুরীসহ আরও অনেকে।

এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী, অভিভাবক ও অসংখ্য সুধীজন অনুষ্ঠানে উপস্থিত থেকে এতিম শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ও উৎসাহ প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন