সিলেটের জকিগঞ্জ উপজেলায় সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সংকীর্তন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাক-ঢোল, শঙ্খ ও ঘণ্টার বাদ্যে হাজারো মানুষের অংশগ্রহণে জকিগঞ্জ শহরের বিভিন্ন সড়ক উৎসবমুখর হয়ে ওঠে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনভর শ্রীশ্রী সত্যনারায়ণ মন্দির, আলমনগর (ঠাকুরপাড়া) প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রী সজল কুমার সিংহের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিপুল চন্দ্র বিশ্বাসের পরিচালনায় ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, উপজেলার সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ ব্যক্তিত্ব বাবু সনাতন রায় (সোনা বাবু), কাশ্যপ কল্যাণ পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি নবেন্দু কুমার রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রনজিৎ বিশ্বাস, সাধারণ সম্পাদক সিতেন্দ্র চন্দ্র দাস, সহ-সভাপতি অমিত সরকার, উপজেলা উদযাপন ফান্ডের আহ্বায়ক সঞ্জিত চক্রবর্তী পান্না, সদস্য সচিব সুরঞ্জিত রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সমাজসেবী অমিত রায় অমৃত, উপজেলা পূজা ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক দীপক রায়, যুব ঐক্য পরিষদ উপজেলা শাখার আহ্বায়ক ননী গোপাল রায়সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ ও ধর্মীয় শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
