- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

জকিগন্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ৪

সিলেটের জকিগন্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে নতুন মামলা করেছে পুলিশ। এ মামলায় বিদেশে থাকা নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক এমরান আহমদ লিমনের পিতাসহ ৪জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাতে জকিগন্জ থানার এসআই মিরাজুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন লিমনের বাবা ফারুক আহমদ, উপজেলা ছাত্রলীগ আবু সুফিয়ান,রুহুল আমিন ও অয়ন দাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জকিগন্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আনন্দপুর গ্রামের ফারুক আহমদের বাড়িতে আওয়ামী লীগ সরকার পতনের পরও দেশবিরোধী ষড়যন্ত্র, অস্থিতিশীল পরিস্থিতি ও সন্ত্রাসী কার্যক্রম করার প্রস্তুতিকালে পুলিশ তাদের আটক করে।

এ বিষয়ে জকিগন্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসনে লিমন বলেন, আমি যুক্তরাজ্যে বসবাস করি। আমার পিতা কোনো ধরণের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। আমি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হওয়ার কারণে আমার পিতাকে পুলিশ ধরে নিয়ে মামলা দিয়েছে।

জকিগন্জ থানার ওসি মো.আব্দুর রাজ্জাক বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ফারুক আহমদের বিরুদ্ধে অন্য আসামিদের আশ্রয় দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামাসহ মোট ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন