- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

জকিগঞ্জে তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে তাফিদা রাকিব ফাউন্ডেশনের উদ্যোগে হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল, সিলেটের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ‘ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কালিগঞ্জ বাজারের সীমান্তিক ভবনে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে বিদেশ থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

এতে চক্ষু রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ, চশমা বিতরণ, ছানি অপারেশনের ব্যবস্থা করেন।

এছাড়া নিউরোলজি স্ট্রোক আক্রান্ত রোগী, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, অটিজমে আক্রান্ত শিশু, গর্ভবতী নারীসহ নারী, শিশুদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় চিকিৎসাসেবা প্রদান করা হয়।

বিশেষ করে ছানি অপারেশনের জন্য নির্বাচিত রোগীদের হাসপাতালে যাতায়াত, থাকা ও খাওয়ার সম্পূর্ণ ব্যয় বিনামূল্যে বহনের ব্যবস্থা রাখা হয়।

আয়োজকরা জানান, অর্থের অভাবে যেন কোনো অসহায় মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেই মানবিক লক্ষ্যকে সামনে রেখেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সমাজের অসহায়,সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

এ সময় উপস্থিত ছিলেন হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল সিলেট এ-র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আহমদ আল জামিল।

তিনি মেডিকেল ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন,অসহায়,সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন