লিডিং ইউনিভার্সিটিতে তিনদিনব্যাপী “Brave Education presents 3rd LUDC Divisional Debate Fest 2026” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করেন। এবারের প্রতিযোগিতার আন্তঃবিশ্ববিদ্যালয় পর্বে বিজয়ী হয়েছে লিডিং ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাব ‘অনুস্বর’ টিম এবং রানারস আপ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সাস্ট ডিবেটিং সোসাইটি’। শ্রেষ্ঠ বিতার্কিক এলইউডিসির শামস আবিরুজ্জামান শিয়াম। এই টিমে বিতর্কে টিম সদস্য হিসেবে আরো ছিলেন সাদিয়া রহমান অনু এবং সৈকত দাস। স্কুল ও কলেজ পর্বে বিজয়ী এম সি কলেজের টিম। এই আয়োজনে সিলেট বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ১৬টি দল এবং বিভিন্ন স্কুল ও কলেজ থেকে ১২টি দল অংশগ্রহণ করেছে।
যুক্তি ও বুদ্ধি চর্চাকে সমৃদ্ধ করতে বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ উল্লেখ করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ পারস্পরিক মেধা বিনিময়ের মাধ্যমে নিজেদের মেধা ও মননের চর্চাকে শাণিত করার একটি কার্যকর সুযোগ। তিনি আরো বলেন, আজকের এ আয়োজন লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের একটি ভালো উদ্যোগ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, লিডিং ইউনিভার্সিটি এগিয়ে চলছে এবং দক্ষ মানব সম্পদ তৈরিতে করছে এবং ভবিষ্যতে সবার সম্মিলিত প্রচেষ্টার এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার আহবান জানান।
কমিউনিকেশন স্কিল তৈরিতে বিতর্ক প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, বিতর্ক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ এবং উপস্থাপন করার দক্ষতাকে বিকশিত করে, যা পাঠ্য পুস্তকের শিক্ষার মাধ্যমে করা যায়না।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সুপ্ত প্রতিভার বিকশিত করার এই আয়োজনে এ ধরনের বিতার্কিকদের মধ্যে থেকেই জাতির যোগ্য নেতৃত্ব তৈরি হবে।ডিবেটিং ক্লাবের সদস্য শেখ তাবাসসুমের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান, ডিবেটিং ক্লাবের উপদেষ্টা মো. জামানের রহমান প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ছিল ব্রেইভ এডুকেশন।
