যুক্তরাজ্যে মুসলিম নারী পুলিশের নিরাপত্তায় ‘ব্লু লাইট হিজাব’ চালু

যুক্তরাজ্যে মুসলিম নারী পুলিশ অফিসারদের নিরাপত্তা ও ধর্মীয় মর্যাদা নিশ্চিত করতে চালু করা হয়েছে বিশেষভাবে ডিজাইন করা একটি নতুন হিজাব, যার নাম ‘ব্লু লাইট হিজাব’। আধুনিক ম্যাগনেটিক প্রযুক্তিতে তৈরি এই হিজাব দায়িত্ব পালনের সময় ঝুঁকি কমানোর পাশাপাশি শালীনতা ও ধর্মীয় পরিচয় বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন এই হিজাবটি দুই অংশের কাপড় দিয়ে তৈরি, যা ম্যাগনেটিক কোয়িক-রিলিজ ক্ল্যাপস দ্বারা সংযুক্ত। কোনো সংঘর্ষ, টানাহেঁচড়া বা বিপজ্জনক পরিস্থিতিতে হিজাবের নিচের অংশটি সহজেই আলাদা হয়ে যায়, ফলে গলায় আঘাত বা শ্বাসরোধের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে। একই সঙ্গে উপরের অংশটি স্থানে থাকায় অফিসারের চুল ঢাকা থাকে এবং ধর্মীয় পর্দা অক্ষুণ্ন থাকে।
‘ব্লু লাইট হিজাব’ যৌথভাবে ডিজাইন করেছে লেস্টারশায়ার পুলিশ ও ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ান্ত অনুমোদনের আগে সক্রিয় মুসলিম নারী পুলিশ অফিসারদের সঙ্গে একাধিক দফা আলোচনা, মতামত গ্রহণ এবং ব্যবহারিক পরীক্ষা চালানো হয়েছে, যাতে এটি বাস্তব পরিস্থিতিতে কার্যকর ও নিরাপদ হয়।
লেস্টারশায়ার পুলিশ ইতোমধ্যেই তাদের সব যোগ্য নারী অফিসারের মধ্যে এই নিরাপদ হিজাব বিতরণ শুরু করেছে। পাশাপাশি যুক্তরাজ্যের অন্যান্য পুলিশ বাহিনীও এই হিজাব ব্যবহারে আগ্রহ প্রকাশ করছে এবং অর্ডার দেওয়া শুরু করেছে।
পুলিশ সূত্র আরও জানায়, ভবিষ্যতে এই বিশেষ হিজাব শুধু পুলিশ বাহিনী নয়, বরং প্যারামেডিক, হাসপাতালের স্টাফসহ অন্যান্য জরুরি সেবা খাতে কর্মরত মুসলিম নারীদের জন্যও চালু করার পরিকল্পনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ মুসলিম নারীদের জন্য পুলিশ বাহিনীতে যোগদানের পথ আরও সহজ ও নিরাপদ করবে। একই সঙ্গে এটি যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীতে বৈচিত্র্য, অন্তর্ভুক্তি এবং ধর্মীয় সহনশীলতার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন