ব্রিটিশ গণমাধ্যমে ইসরায়েলসংক্রান্ত সংবাদ প্রকাশের সমালোচনা করতে গিয়ে যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে কটাক্ষ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রচারিত ইসরায়েলি পডকাস্ট ‘মেলেখ ব্লিটজার হাইম’-এ ব্রিটিশ গণমাধ্যমে ইসরায়েলবিষয়ক সংবাদ নিয়ে আপত্তি জানাতে গিয়ে নেতানিয়াহু এ মন্তব্য করেন।
বক্তব্যে নেতানিয়াহু ব্রিটিশ লেখক র্যান্ডলফ চার্চিলের প্রসঙ্গ টানেন। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের পক্ষে ইতিবাচক প্রতিবেদন প্রকাশের জন্য চার্চিলের প্রশংসা করেন তিনি। এরপর ব্যঙ্গাত্মক সুরে নেতানিয়াহু বলেন, ‘আজকের ব্রিটেনে এমন কিছু খুঁজে দেখুন দেখি। এটিকে চাইলে আপনি ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন বলতে পারেন।’
পডকাস্টের পরবর্তী অংশে ২০২২ সালে বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি মন্তব্যও উল্লেখ করেন নেতানিয়াহু। তিনি বলেন, ভ্যান্স একবার মন্তব্য করেছিলেন যে পারমাণবিক অস্ত্রধারী প্রথম ইসলামিক প্রজাতন্ত্র হতে যাচ্ছে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’। নেতানিয়াহু আরও বলেন, ‘আমরা নিশ্চিত করছি, যাতে ইরান আমাদের এখানে দ্বিতীয় এমন কোনো রাষ্ট্র সৃষ্টি করতে না পারে।’
এদিকে, ইসরায়েল ইস্যুতে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম তার পূর্বসূরি কিয়ার স্টারমারের তুলনায় কঠোর অবস্থান নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। ক্ষমতায় আসার আগে বার্নহ্যাম বলেছিলেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে তার দল লেবার পার্টি যথাযথ প্রতিক্রিয়া জানাতে পারেনি। এ জন্য তিনি ক্ষমাও চেয়েছিলেন।
তথ্য সূত্র- আল জাজিরা।