যুক্তরাষ্ট্রে ৬১৬ কোটি টাকায় ডাইনোসরের কঙ্কাল বিক্রি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৫ কোটি ১ লাখ মার্কিন ডলারে (বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ৬১৬ কোটি টাকা) বিক্রি হয়েছে ‘গাস’ নামে একটি ডাইনোসরের কঙ্কাল।

মঙ্গলবার (১৫ জুলাই) আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান সোদেবিজের আয়োজিত এক নিলামে কঙ্কালটি বিক্রি হয়।

এ নিলামটি বিশ্বের সবচেয়ে দামি ডাইনোসরের কঙ্কাল বিক্রির রেকর্ড গড়েছে। নিলামে কঙ্কালটি কিনতে সাতজন ক্রেতা অংশ নেন। তখন প্রায় ১০ মিনিট ধরে তাদের মধ্যে দরাদরি প্রতিযোগিতা চলে এবং শেষ পর্যন্ত এক অজ্ঞাত ক্রেতা ৫ কোটি ১ লাখ ডলারে এটি কিনে নেন।

কঙ্কালটি বিশ্বের সবচেয়ে সম্পূর্ণ টি. রেক্স কঙ্কালগুলোর একটি। কঙ্কালটিতে মোট ১৮৩টি জীবাশ্মে পরিণত হওয়া হাড় রয়েছে। পুরো কঙ্কালটির প্রায় ৬৩ শতাংশ এখনও অক্ষত আছে। কঙ্কালটির দৈর্ঘ্য ১১ দশমিক ৬ মিটার বা ৩৮ ফুট। আকারের দিক থেকেও এটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় টি. রেক্স নমুনাগুলোর মধ্যে অন্যতম।

যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের একটি গরুর খামারে ২০২১ সালে কঙ্কালটি খুঁজে পাওয়া যায়। পরে বিজ্ঞানীরা গবেষণা করে ধারণা করেন, এ ডাইনোসরটি আজ থেকে প্রায় ৭ কোটি ২০ লাখ থেকে ৬ কোটি ৬০ লাখ বছর আগে পৃথিবীতে বাস করত। তখন পৃথিবীর জলবায়ু বর্তমানের তুলনায় অনেক বেশি গরম ছিল এবং সমুদ্রের পানির উচ্চতাও অনেক বেশি ছিল।

আগে উপকূলজুড়ে বিস্তীর্ণ সমতল এলাকা ছিল এবং সেখানে প্রায়ই বন্যার পানিতে প্লাবিত হতো। নিলামে এত টাকায় এই কঙ্কাল বিক্রি হওয়ার ঘটনা প্রমাণ করেছে যে, ডাইনোসরের জীবাশ্ম ও হাড়ের আন্তর্জাতিক বাজার দ্রুত প্রসারিত হচ্ছে। তবে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক জীবাশ্মবিদ। তাদের মতে, এমন গুরুত্বপূর্ণ জীবাশ্ম ব্যক্তিগত সংগ্রহে চলে গেলে গবেষণা ও জনসাধারণের দেখার সুযোগ কমে যায়।

নিলামের আগে সোদেবিজের বিজ্ঞান ও প্রাকৃতিক ইতিহাস বিভাগের প্রধান ক্যাসান্দ্রা হ্যাটন বলেন, পৃথিবীর মধ্যে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ, যেখানে এ ধরনের জীবাশ্ম ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। যুক্তরাষ্ট্রে কোনো জমির মালিক যদি একটি জীবাশ্ম খুঁজে পান, তবে সে জীবাশ্মের মালিকানাও তার হয়ে যায়। তিনি চাইলে সেটি বিক্রি করতে পারেন। তাই ব্যক্তিগতভাবে ডাইনোসরের জীবাশ্ম কিনতে চাইলে যুক্তরাষ্ট্রই একমাত্র জায়গা, যেখানে তা আইনিভাবে সম্ভব।

তিনি আরও বলেন, এর আগে ২০২৪ সালে ‘এপেক্স’ নামে একটি স্টেগোসরাসের কঙ্কাল বিক্রির সর্বোচ্চ রেকর্ড ছিল ৪ কোটি ৪৬ লাখ মার্কিন ডলারে। যেটি হেজ ফান্ডের ধনকুবের কেন গ্রিফিন কিনেছিলেন। এবার ‘গাস’ সে রেকর্ড ভেঙে নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি ডাইনোসরের কঙ্কাল হিসেবে জায়গা করে নিয়েছে। সূত্র: এএফপি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন