যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছয় দিন আগে নিখোঁজ হওয়া ২২ বছর বয়সী ভারতীয় ছাত্র সকেত শ্রীনিবাসাইয়ার দেহ উদ্ধার করা হয়েছে। কর্ণাটকের এই ছাত্র আইআইটি মাদ্রাজের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে-তে কেমিক্যাল ও বায়োমলিকিউলার ইঞ্জিনিয়ারিং-এ মাস্টার্স ডিগ্রি অর্জন করছিলেন।
সকেতকে সর্বশেষ ফেব্রুয়ারি ৯ তারিখে বিশ্ববিদ্যালয় থেকে প্রায় এক কিলোমিটার দূরে দেখা যায়। পরে টিলডেন রিজিয়নাল পার্ক-এর কাছে তার ব্যাকপ্যাক উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল পাসপোর্ট ও ল্যাপটপ। নিখোঁজ হওয়ার পর লেক আনজা ও বার্কলে হিলস এলাকায় ব্যাপক অনুসন্ধান চালানো হয়।
সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেট দেহ উদ্ধার নিশ্চিত করেছে এবং মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য সমস্ত সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছে। কনস্যুলেটের বক্তব্যে বলা হয়েছে, ‘এই দুঃখজনক সময়ে আমরা তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই।’
সাকেতের রুমমেট বনীত সিং পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এক পোস্টে লিখেছেন, ৯ ফেব্রুয়ারি নিখোঁজ হওয়ার আগের প্রায় দুই সপ্তাহ সাকেত শুধু চিপস আর কুকিজ খেয়ে বেঁচে ছিলেন। বনীত সিং লেখেন, ‘আন্তর্জাতিক ছাত্র হিসেবে জীবনটা সত্যিই কঠিন। শেষ দুই সপ্তাহের আগে সাকেতের মধ্যে কোনো অস্বাভাবিক লক্ষণ ছিল না। তিনি খাওয়া, কথা বলা ও ঘুম কমিয়ে দিয়েছিলেন। ২১ জানুয়ারি তিনি আমাকে লেক আনজাতে যাওয়ার জন্য ডেকেছিলেন; কিন্তু আমি আলসেমি করে যাইনি। আমি জানতাম না, সেখানেই তিনি নিজের জীবন শেষ করে দেবেন।’ সকেত হাইপারলুপের জন্য ‘মাইক্রোচ্যানেল কুলিং সিস্টেম’ আবিষ্কারের পেটেন্টধারী ছয়জনের মধ্যে একজন। বন্ধুরা তাকে মেধাবী, নম্র ও বিশ্বস্ত মানুষ হিসেবে স্মরণ করছেন।
