ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে বিএনপি। শুক্রবার (১০ এপ্রিল) থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রম শুরু হবে। ওই দিন সকাল ১১টা থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ থাকবে, যা চলবে ১২ এপ্রিল পর্যন্ত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীদের ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।
এর আগে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করেছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তফশিল তুলে ধরেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ঘোষিত সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ এপ্রিল। এরপর ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আপিল দায়েরের সুযোগ থাকবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
সংরক্ষিত নারী আসনের বণ্টন অনুযায়ী, বিএনপি ও তাদের জোটের জন্য ৩৬টি আসন নির্ধারণ করা হয়েছে। এছাড়া জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা পাবে ১৩টি আসন এবং একটি আসন রাখা হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য। মোট আসন সংখ্যা ৫০টি।
