- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

কানাইঘাটে বসতভিটার জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, ব্যবস্থা গ্রহণের নির্দেশ

সিলেটের কানাইঘাট পৌরসভার মহেশপুরে বসতভিটার ৪ শতক জমির মালিকানা ও দখল নিয়ে দুই ভাইয়ের বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে। এ ঘটনায় ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত-২।

মামলার বাদী শামীম আহমদের অভিযোগ, গত ২৫ অক্টোবর বিরোধপূর্ণ জমিতে তাঁর সৎ ভাই নিজাম উদ্দিন লোকজন নিয়ে ঘর নির্মাণের উদ্যোগ নিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় তিনি আদালতে মিস মোকদ্দমা নং ১৪/২০২৬ দায়ের করেন।

গত ১ নভেম্বর আদালত দ্বিতীয় পক্ষকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি কানাইঘাট থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বাদী শামীম আহমদের দাবি, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের চেষ্টা চলছে। ৮ নভেম্বর সরেজমিনে গিয়ে ওই জমির একাংশে টিন দিয়ে ঘর নির্মাণ করতে দেখা যায়।

তবে অভিযোগ অস্বীকার করে বিবাদী নিজাম উদ্দিন বলেন, তিনি নতুন ঘর নির্মাণ করেননি, শুধু কিছু সংস্কার করেছেন। দুই ভাইয়ের বসতভিটা সংক্রান্ত বিরোধ স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে। জমির প্রকৃত মালিকানা ও দখল নিয়ে বিরোধটি বর্তমানে আদালতের বিচারাধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন