সিলেটের কানাইঘাট থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ লক্ষ ১০ হাজার ৫শ টাকা জব্দ করা হয়েছে।
জানা যায়, গত ১৫ আগস্ট শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নারায়নপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শফির উদ্দিনের বসতঘরে থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৩০ পিছ ইয়াবা ও নগদ ৩ লক্ষ ১০ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নারায়নপুর গ্রামের মৃত তাহের আলীর পুত্র মাদক সম্রাট শফির উদ্দিন (৫০) কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।পলাতক আসামিকে গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
এছাড়াও গত ১৪ আগস্ট দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের মইনা গ্রামের আব্দুর রহিমের পুত্র জামাল আহমদ (৩৮) ও লামাপাড়া গ্রামের মৃত সামসু মিয়ার পুত্র সুরুজ আলীকে ২৬ পিছ ইয়াবা ও ১শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে কানাইঘাট থানা পুলিশের অভিযানিক দল। অপরদিকে গত ১৩ আগস্ট শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার দিঘীরপার ইউনিয়নের পূর্ব ঠাকুরের মাটি গ্রামের শরীফ উদ্দিনের পুত্র রুবেল আহমদ (২৬) কে ২০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। ১৩ ও ১৪ আগস্টে মাদক বিরোধী অভিযানে গ্রেফতারকৃত ৩ আসামিসহ অজ্ঞাতনামা পলাতক আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করে পুলিশ।
মাদকবিরোধী অভিযানের পাশাপাশি মাদক ব্যবসার অর্থনৈতিক উৎস চিহ্নিত ও মাদক-চোরাচালান দমনে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার ওসি মোঃ আমিনুল ইসলাম।
