সিলেটের কানাইঘাটে সরকারবিরোধী মিছিল ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত (২১ আগস্ট) শুক্রবার বিকেল ৪টার দিকে কানাইঘাট সদর ইউনিয়নের অন্তর্গত চতুল-দরবস্ত সড়কের রফরফ অটো রাইসমিল সংলগ্ন বারহাল ব্রিজ এলাকায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কানাইঘাট উপজেলা ছাত্রলীগের ব্যানারে সমবেত হয়ে একটি মিছিল বের করে।
এ ঘটনায় শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। মামলার পর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় কানাইঘাটের কুওরঘড়ী গ্রামের কামাল উদ্দিনের ছেলে ইউনুস আহমদ(২২),কানাইঘাট পৌরসভার বিষ্ণুপুর গ্রামের মো: নূর উদ্দিনের ছেলে আব্দুল কাদির হৃদয় ওরফে মোহাম্মদ আলী (৩৪), দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে মাইন উদ্দিন আকরাম (১৯) এবং চড়িপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আবু তাহের (১৯) কে গ্রেফতার করে পুলিশ।
এদিকে মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার করতে কানাইঘাট থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। গ্রেফতারকৃত চার আসামিকে শনিবার বিকালে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
