কানাইঘাটে স্ত্রীকে তুলে নিয়ে হত্যা করেছেন স্বামী সুহেল আহমদ। জানা যায়, সোমবার ২৭ ফেব্রুয়ারী দিবাগত রাতে স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামের তিন সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনাটি উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ১ম খন্ড গ্রামে ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের বাসিন্দা ফারহানা বেগমের সঙ্গে কয়েক বছর পূর্বে বড়বন্দ ১ম খন্ড গ্রামের সোহেল আহমদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। স্বামীর বিরুদ্ধে ফারহানার ওপর একাধিক নির্যাতনের অভিযোগ রয়েছে।
পরিবারের সদস্যরা জানান,নির্যাতনের কারণে কয়েক দিন আগে ফারহানা বাবার বাড়িতে চলে যান।পরে তিনি দরবস্ত ইউনিয়নের মহাইল গ্রামে তাঁর মামার বাড়িতে বেড়াতে গেলে সোমবার সন্ধ্যায় সোহেল আহমদ ও তাঁর এক আত্মীয় জোরপূর্বক সিএনজি অটোরিকশায় করে তাঁকে সেখান থেকে নিজ বাড়িতে তুলে নিয়ে আসেন।তাদের দাবি,গভীর রাতে ফারহানাকে ছুরিকাঘাত করে স্বামী সুহেল আহমদ হত্যা করে পালিয়ে যান। খবর পেয়ে কানাইঘাট থানা–পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
