- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজনগরের প্রবাসী রিপন মিয়ার মৃত্যু

কাতারের আল শাহানিয়া এলাকায় কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রিপন মিয়া (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

নিহত রিপন মিয়া মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের আলীচর গাঁও গ্রামের কালাই মিয়ার ছেলে।

প্রবাসী সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে কাতারে কর্মরত রিপন মিয়া আল শাহানিয়া এলাকায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হলে দ্রুত তাকে স্থানীয় হমাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা দুই দিন চিকিৎসাধীন থাকার পর আজ তার মৃত্যু হয়।

রিপন মিয়ার আকস্মিক মৃত্যুতে তার নিজ এলাকা আলীচর গাঁওসহ মুন্সিবাজার ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের মধ্যে চলছে শোকের মাতম।

তার মৃত্যুতে স্থানীয় এলাকাবাসী, আত্মীয়স্বজন ও প্রবাসীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন