কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের পাঁচ রেমিট্যান্স যোদ্ধার লাশ আগামী ৩০ জুন মঙ্গলবার দেশে আনা হচ্ছে।
ওইদিন সকাল ৭টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে লাশগুলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
এদিকে, কানাইঘাটের গাছবাড়ি গ্রামে স্বজন-পরিজন হারানো বাড়িতে বাড়িতে কান পাতলেই শোনা যায় কান্না আর আহাজারি।
জানা গেছে, লাশের সাথে আসছেন কাতার খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুল হাসিব চৌধুরী।
মঙ্গলবার বিমানবন্দরে নিহতদের লাশ গ্রহণের জন্য উপস্থিত থাকবেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান।
তিনি বিমানবন্দরে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন এবং তাদের সান্ত্বনা দেবেন।
গত ২০ জুন কর্মস্থলে যাওয়ার পথে কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী যুবক নিহত হন। দুপুর ১২টার দিকে স্বজনেরা ওই খবর জানতে পারেন।
নিহত প্রবাসীরা হলেন কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের মাঝতালুক গ্রামের সলিম উল্লাহর ছেলে মোস্তাক আহমদ (৩০), মরহুম আহসান উল্লাহর ছেলে জুবায়ের আহমদ (৩০), আগতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩০), আমরপুর গ্রামের আবদুন নূরের ছেলে জিবাল আহমদ (৩৬) এবং দক্ষিণবাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি নয়াগ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ (২৪)।
নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, ওই পাঁচজন একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের লাশ কাতারের স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।স্থানীয় সংবাদ
দুর্ঘটনার পর পরই কাতারে অফিসিয়াল সকল আনুষ্ঠানিকতা দ্রুততম সময়ে সম্পন্ন করতে এবং সরকারি খরচে লাশ দেশে পাঠানোর জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান পুরো প্রক্রিয়ার সার্বিক তত্ত্বাবধান করেন এবং নিহতের পরিবারের পাশে দাঁড়ান।
এছাড়া কাতারে কর্মরত সিলেটের প্রবাসী রাজনৈতিক নেতারাও লাশ দ্রুত দেশে পাঠানোর লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও দূতাবাসের সাথে যোগাযোগ রেখে সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন।
সিলেট ওসমানি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকালে যথাযথ প্রক্রিয়া শেষে লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
