- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও রাজপথে এবং কারাগারে দৃঢ় অবস্থান ধরে রেখেছিলেন।

তিনি বলেন, “বেগম খালেদা জিয়া কারাগারে জীবন বাজি রেখে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। কারাগারে থাকাকালে নানা নির্যাতনের শিকার হয়ে তিনি তিলে তিলে অসুস্থ হয়ে পড়েন। তবুও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে তিনি আপস করেননি।”

শনিবার (১৫ আগস্ট) বাদ আসর সিলেটের হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “দেশের ক্রান্তিলগ্নে দলের হাল ধরে একজন গৃহবধূ থেকে তিনি সরকারপ্রধান হয়েছেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জনগণের দাবি আদায়ে তাঁর আপসহীন ভূমিকার জন্য তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে খেতাব অর্জন করেন। পরবর্তীতে জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি সফলভাবে সরকার পরিচালনা করেন।”

বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, “তিনি তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে জাতিকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছেন। নারী জাতির অগ্রযাত্রায় তিনি অগ্রজের ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক সংগ্রাম, সাহস ও আদর্শ আজকের তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব। তাঁর একজন কর্মী হিসেবে কাজ করতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়।”

তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী চেতনা ও বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বর্তমানে দেশ পরিচালিত হচ্ছে। ‘সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ পরিচালনা করছেন।”

উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং বর্তমানে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ এবং তাঁর রাজনৈতিক সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানান।

দোয়া-পূর্ব আলোচনা সভা সঞ্চালনা করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

নেতাকর্মীদের উপস্থিতি

মিলাদ ও দোয়া মাহফিলে সিলেট জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, নাজিম উদ্দিন লস্কর, মামুন রশিদ চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, উপদেষ্টা অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, বদরুল ইসলাম, ছালিক আহমদ, অ্যাডভোকেট আবু তাহের, কোহিনূর আহমেদ, অ্যাডভোকেট সাঈদ আহমদ, আবুল কাশেম ও শাকিল মোর্শেদ উপস্থিত ছিলেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিন, আব্দুল কাদির শমছু, আব্দুস সামাদ তুহেল এবং সম্পাদকদের মধ্যে লোকমান আহমদ, শামীম হেলালী, অ্যাডভোকেট মোস্তাক আহমদ, আজিজুর রহমান ও মাহবুব আলম উপস্থিত ছিলেন।

সহসম্পাদকদের মধ্যে অর্জুন ঘোষ, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, শাহীন আলম জয়, ডা. নাজিম উদ্দিন, নাজিম উদ্দিন পান্না, আহমদ সোলায়মান, সুমেল আহমদ চৌধুরী ও রায়হান এইচ খাঁনসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

এছাড়া গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মো. মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম বাহারসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগেও পৃথকভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসব কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের কথা স্মরণ করেন। পাশাপাশি তাঁর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও বিএনপির নেতাকর্মীদের সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন