কাঁচা হলুদ একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। যা শরীরকে বিভিন্ন রোগের ঝুঁকি থেকে কিছুটা সুরক্ষা দিতে পারে।
খালি পেটে কাঁচা হলুদ খেলে অনেক রোগের ঝুঁকি কমতে পারে-
কাঁচা হলুদে থাকা সক্রিয় উপাদান কারকিউমিন শরীরে ক্ষতিকর ফ্রি-র্যাডিক্যাল কমাতে সাহায্য করে এবং কোষের অস্বাভাবিক বৃদ্ধি ধীর করতে পারে। ফলে কিছু ধরনের ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। হলুদ হজম শক্তি বাড়ায়, গ্যাস্ট্রিকের প্রদাহ কমায় এবং পেট ফাঁপা বা অস্বস্তি কমাতে সাহায্য করে।
রক্তে খারাপ কোলেস্টেরল (LDL) কমাতে ও রক্তনালী সুস্থ রাখতে সাহায্য করতে পারে। ফলে হার্টের রোগের ঝুঁকি কমে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কিছুটা ভূমিকা রাখতে পারে, বিশেষ করে নিয়মিত ও পরিমিত খেলে। প্রদাহ কমানোর ক্ষমতার কারণে জয়েন্টের ব্যথা ও ফোলা কমাতে সহায়ক কাঁচা হলুদ।
এটি লিভার ডিটক্সে সহায়তা করে এবং লিভারের কার্যকারিতা উন্নত করতে পারে। কাঁচা হলুদ ইমিউন সিস্টেম শক্তিশালী করতে সাহায্য করে, ফলে সর্দি-কাশি বা সংক্রমণের ঝুঁকি কমে।
কাঁচা হলুদ খাওয়ার নিয়ম-
সকালে খালি পেটে ছোট ১ টুকরো (১–২ সেমি) কাঁচা হলুদ সাথে সামান্য গোলমরিচ খেলে কারকিউমিন ভালোভাবে শোষিত হয়। চাইলে গরম পানির সাথে মিশিয়ে খেতে পারেন।
সতর্কতা-
কাঁচা হলুদ বেশি খেলে অ্যাসিডিটি বা পেটে জ্বালাপোড়া হতে পারে। গর্ভবতী নারী, পিত্তথলির পাথর বা যারা ব্লাড থিনার খান তারা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। দীর্ঘমেয়াদে বেশি পরিমাণে খাওয়া ঠিক নয়।
