মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই সিদ্ধান্ত নিয়েছিলো, বাংলাদেশের মানুষ বিএনপিকে আবার দেশ পরিচালনার সুযোগ দিলে, এই খাল খননের কাজ আবার শুরু করবে। এরই ধারাবাহিকতায় আমরা খাল খনন এবং খাল পুণঃখনন কাজ শুরু করেছি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের কাকড়া খাল পুণঃখনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নবপল্লব প্রকল্পের আওতায় ও সিএনআরএস এর বাস্তবায়নে বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ লক্ষ ২৩ হাজার টাকা ব্যয়ে তালিমপুর ইউনিয়নের মরা কাকড়া খাল পুণঃখনন কাজের শুভ উদ্বোধন করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু। এসময় বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
নাসির উদ্দিন মিঠু এমপি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মরা কাকড়া খাল পুণঃখনন কাজ বাস্তবায়িত হলে তালিমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার কৃষক ও সাধারণ জনগণ সরাসরি উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এছাড়া তিনি উপজেলার বর্ণি ইউনিয়নে ২ কোটি ৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি আরসিসি সড়কের উদ্বোধন করেন এবং হাতলিয়া এলাকায় ২৩ লক্ষ টাকা ব্যয়ে দলছড়া খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন।
