হবিগঞ্জের মাধবপুরে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ফিলিং স্টেশনে খোলা ডিজেল বিক্রি না করতে বিজিবি তদারকি ও নির্দেশনা দেওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা। এতে করে বোরো মৌসুমে সেচ সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
জানা গেছে, সম্প্রতি জেলা প্রশাসকের নির্দেশনা বাস্তবায়নে বিজিবি মাধবপুর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে গিয়ে খোলা ডিজেল বিক্রি না করার জন্য নির্দেশ দিচ্ছে। ফলে বোতল বা জার নিয়ে ডিজেল কিনে সেচযন্ত্র চালানো কৃষকদের জন্য বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে।
বর্তমানে মাঠে বোরো ধানের চাষাবাদ চলছে। পাশাপাশি সসা, টমেটোসহ বিভিন্ন সবজির ক্ষেতেও নিয়মিত পানি সেচ দেওয়া অত্যন্ত জরুরি। কিন্তু খোলা ডিজেল বিক্রি বন্ধ থাকায় অনেক কৃষক সেচযন্ত্র চালাতে পারছেন না। এতে করে ধান ও সবজির জমিতে সময়মতো পানি দিতে না পারলে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের কৃষক কালাম মিয়া জানান , “তারা সাধারণত ফিলিং স্টেশন থেকে বোতল বা পাত্রে করে ডিজেল কিনে নিয়ে সেচ মেশিন চালান। কিন্তু হঠাৎ করে খোলা ডিজেল বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত সেচের ব্যবস্থা করতে না পারলে মাঠের বোরো ধান ও সবজি মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে।”
এ অবস্থায় কৃষকেরা কৃষি সেচের জন্য বিশেষ ব্যবস্থায় ডিজেল সরবরাহের দাবি জানিয়েছেন, যাতে করে সময়মতো সেচ দিয়ে ফসল রক্ষা করা যায়। এ ব্যাপারে হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তেল ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় তেল দিতে নিষেধ করা হয়নি। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিধায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
