খোঁড়া পা নিয়েই বনে ১৮ বছর রাজত্ব, চিরবিদায় ‘ল্যাংডি’

বনের কঠিন নিয়মকে হার মানিয়ে প্রায় ১৮ বছর রাজত্ব করার পর মারা গেছে ভারতের মধ্য প্রদেশের পেঞ্চ টাইগার রিজার্ভের জনপ্রিয় বাঘিনী ল্যাংডি। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও বনের প্রতিকূল পরিবেশে টিকে থাকার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছিল এই বাঘিনী। গত সপ্তাহে রিজার্ভের করমঝিরি রেঞ্জে তার মৃতদেহ উদ্ধার করেন বনরক্ষীরা।

জন্মগতভাবেই এই বাঘিনীটির সামনের একটি পা খোঁড়া ছিল, যার ফলে তার হাঁটার ধরণ ছিল অন্যদের চেয়ে আলাদা।

বন্যজীবনে শিকার ধরার জন্য যে গতি ও ক্ষিপ্রতার প্রয়োজন, ল্যাংডির তা ছিল না। কিন্তু নিজের বুদ্ধিমত্তা দিয়ে সে এই অভাব পূরণ করেছিল। সে শিকারের পেছনে না ছুটে ঘণ্টার পর ঘণ্টা পানির উৎসের কাছে ওত পেতে বসে থাকত। এই ধৈর্যই তাকে বন্য বাঘের গড় আয়ুর চেয়ে অনেক বেশি সময় বাঁচিয়ে রেখেছে।

শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও ল্যাংডি ১০টি শাবকের জন্ম দিয়েছে এবং তাদের সফলভাবে বড় করে তুলেছে। তার বোন ছিল বিশ্ববিখ্যাত বাঘিনী ‘কলারওয়ালি’, যে ২৯টি শাবকের জন্ম দিয়ে রেকর্ড গড়েছিল। ল্যাংডির বাবা ‘চার্জার’ ও মা ‘বাড়ি মাতা’ ছিল পেঞ্চের বনের পরিচিত মুখ। বিবিসির বিখ্যাত তথ্যচিত্র ‘টাইগার: স্পাই ইন দ্য জঙ্গল’-এ তাদের পরিবারের গল্প উঠে এসেছিল।

বন কর্মকর্তারা জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণেই ল্যাংডির মৃত্যু হয়েছে। বয়সের ভারে শেষ দিকে সে অনেকটা দুর্বল হয়ে পড়েছিল। জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত শেষে পূর্ণ সম্মানের সাথে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। সূত্র: ফার্স্টপোস্ট

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন