ঘরোয়া ফুটবলে পেশাদার সম্পর্ক উন্নয়ন, ম্যাচের স্বচ্ছতা (ম্যাচ ইন্টিগ্রিটি) রক্ষা এবং কোচ ও ম্যানেজারদের মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্যে প্রথমবারের মতো বিশেষ সেমিনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সোমবার (সকাল ১১টায়) ‘বিএফএফ ক্লাবস সেমিনার অব প্রফেশনাল রিলেশনস অ্যান্ড ম্যাচ ইন্টিগ্রিটি’ শীর্ষক তিন ঘণ্টাব্যাপী এই সেমিনার শুরু হয়।
এতে বাংলাদেশ ফুটবল লিগের বিভিন্ন ক্লাবের প্রায় ৩০ থেকে ৩৫ জন কোচ, ম্যানেজার ও প্রতিনিধি অংশ নেন।
অনুষ্ঠানে বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন, টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু এবং হেড অব কম্পিটিশন জাবের বিন তাহের আনসারী উপস্থিত ছিলেন।
দৈনন্দিন ফুটবল পরিচালনায় উদ্ভূত নানা সমস্যা নিয়ে আলোচনার সুযোগ পেয়ে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
সেমিনারের উদ্দেশ্য তুলে ধরে কামরুল হাসান হিলটন জানান, ক্লাব ম্যানেজারদের দায়িত্ব স্পষ্ট করা এবং কোচদের সঙ্গে তাদের কাজের সমন্বয় বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি বলেন, ‘একজন ম্যানেজার মাঠ এবং মাঠের বাইরে দলের অভিভাবক হিসেবে কাজ করেন। প্রধান কোচ মাঠের খেলায় দলের দায়িত্ব সামলান, আর ম্যানেজারের দায়িত্ব মাঠের বাইরের সবকিছু দেখাশোনা করা। এর মধ্যে আয়োজকদের সঙ্গে যোগাযোগ রাখা, বিভিন্ন সভায় অংশ নেওয়া এবং খেলোয়াড়দের স্বাস্থ্য, খাবার, আবাসন, ড্রেসিংরুম সুবিধা, মানসিক সুস্থতা ও চোটের বিষয়গুলো তদারকি করা অন্তর্ভুক্ত। এ ছাড়া আন্তর্জাতিক ম্যাচ খেলতে বিদেশ সফরের প্রটোকল সম্পর্কেও তাদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।’ এটিই বাফুফের এ ধরনের প্রথম উদ্যোগ উল্লেখ করে হিলটন জানান, প্রতি ছয় মাস অন্তর এমন সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।
সেমিনারে অংশ নেওয়া আবাহনী লিমিটেডের ম্যানেজার শহিদ হোসেন স্বপন জানান, আলোচনায় ফুটবলের নিয়মকানুনের সাম্প্রতিক পরিবর্তন এবং খেলোয়াড়দের সেগুলো কীভাবে বোঝানো ও মানানো যায়, তা নিয়ে কথা হয়েছে। তিনি বলেন, ‘ফিফা কিছু নিয়মে পরিবর্তন এনেছে। যেমন খেলোয়াড়দের পাঁচ সেকেন্ডের মধ্যে থ্রো-ইন নিতে হবে, গোলরক্ষক সর্বোচ্চ সাত সেকেন্ড বল ধরে রাখতে পারবেন এবং বদলি খেলোয়াড় মাঠ ছাড়ার ক্ষেত্রে ১০ সেকেন্ডের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।’
শুধু কোচ ও ম্যানেজার নন, খেলোয়াড়রাও যেন উপকৃত হন সেজন্য প্রতিটি ক্লাবে আলাদাভাবে এমন কর্মশালা আয়োজনের পরামর্শ দেন স্বপন। তিনি বলেন, ‘ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্যই এ ধরনের সেমিনার জরুরি। কারণ মাঠেই এই নিয়মগুলো বাস্তবায়ন করতে হয়।’
অন্যদিকে ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম জানান, সেমিনারে ফুটবলের আইন (লজ অব দ্য গেম), আধুনিক ফুটবলের নতুন ধারা, ম্যানেজারদের সাধারণ ভুলত্রুটি এবং নতুন প্রযুক্তির ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে। দলের অনুশীলন থাকায় পুরো সেশনে থাকতে না পারলেও বাফুফের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ক্লাব কর্মকর্তাদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই আলোচনাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক ছিল। অংশগ্রহণকারীদের ইতিবাচক সাড়ার পরিপ্রেক্ষিতে বাফুফে নিয়মিত বিরতিতে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।
