সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন করে প্রয়াত সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নামে আবার ফিরিয়ে আনার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে নগরের রিকাবিবাজার এলাকায় অডিটোরিয়ামটি পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, ‘আমরা সংস্কারের জন্য এম সাইফুর রহমান অডিটোরিয়াম নামেই টাকা বরাদ্দ দিয়েছি। এই নাম সামনে বড় ও স্পষ্ট করে লিখতে হবে, যাতে মানুষের চোখে পড়ে। এতে যদি কিছু টাকা বেশি খরচ হয়, তাতেও সমস্যা নেই।’
স্থানীয় সংস্কৃতিকর্মীদের সূত্রে জানা গেছে, শুরুতে মিলনায়তনটির নাম ছিল সিলেট অডিটোরিয়াম। গত চারদলীয় জোট সরকারের আমলে সংস্কার শেষে মিলনায়তনটির নাম পরিবর্তন করে তৎকালীন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য এম সাইফুর রহমানের নামে রাখা হয়। এরপর আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ সালে সাইফুর রহমানের নাম বদলে এর নামকরণ করা হয় কবি নজরুল অডিটোরিয়াম।
এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অডিটোরিয়ামটি পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীও সঙ্গে ছিলেন। পরে তিনি বলেন, বর্তমানে অডিটোরিয়ামটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আছে। এতে ঠিকমতো তদারকি হচ্ছে না। তাই এটি সিটি করপোরেশনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। বিষয়টি প্রতিমন্ত্রীকে জানালে তিনি এতে সম্মতি দেন।
সিটি করপোরেশনের প্রশাসক আরও বলেন, প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে অডিটোরিয়ামটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সুষ্ঠুভাবে তদারকি নিশ্চিত করতে এখন থেকে অডিটোরিয়ামটি সিটি করপোরেশন কর্তৃপক্ষ পরিচালনা করবে।
প্রতিমন্ত্রীর অডিটোরিয়াম পরিদর্শনকালে সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ মালিক, সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
