মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩ পহেলা বৈশাখ। বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে একটি বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বাঙালির লোকজ ঐতিহ্যকে তুলে ধরতে শোভাযাত্রায় স্থান পায় রং-বেরঙের কুলা, ডালা, মাটির শরা এবং লোকজ প্রতিকৃতি।
শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, “পহেলা বৈশাখ বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। সকল অশুভ শক্তিকে পেছনে ফেলে নতুন বছরে শান্তি ও সমৃদ্ধির বার্তা বয়ে আনুক এই উৎসব।
শোভাযাত্রা পরবর্তী আয়োজনে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী লোকসংগীত জারীগান ও নৃত্য। বিশেষ করে কমলগঞ্জের নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির উপস্থিতি পুরো আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে। এছাড়া দিনব্যাপী বৈশাখী মেলায় গ্রামবাংলার হস্তশিল্প ও লোকজ খাবারের সমারোহ লক্ষ্য করা গেছে।
যথাযোগ্য নিরাপত্তা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়নেও উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে বরণ করে নেওয়ার খবর পাওয়া গেছে।
