কমলগঞ্জে হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের মনোরম হামহাম জলপ্রপাতে ভ্রমণকালে আটকে পড়া ১০ জন পর্যটককে সফলভাবে উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২০ জুলাই) সকালে ঢাকা থেকে ১০ সদস্যের একটি পর্যটক দল হামহাম জলপ্রপাত ভ্রমণে আসে। তারা সবাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। জলপ্রপাতের পথে দুর্গম পাহাড়ি এলাকায় চলাচলের সময় দলের এক সদস্য পা পিছলে পড়ে হাতে গুরুতর আঘাত পান। আহত সহযাত্রীকে নিয়ে দুর্গম পথ অতিক্রম করে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চান।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বিকেল ৩টার দিকে বিষয়টি জানতে পারে কমলগঞ্জ থানা পুলিশ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।

সমন্বিত অভিযানের মাধ্যমে বিকেল ৪টা ৪৫ মিনিটে আটকে পড়া ১০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর আহত পর্যটককে প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া অন্য সব পর্যটক সুস্থ রয়েছেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। দ্রুত সময়ের মধ্যে সমন্বিত উদ্ধার অভিযান পরিচালনা করে পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনায় সংশ্লিষ্ট সকল সংস্থার ভূমিকা প্রশংসিত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন