- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

কমলগঞ্জে ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মুন্সিবাজার ইউনিয়ন ভিডিপি সদস্য মো. আশরাফুল আলমের একক উদ্যোগ ও নেতৃত্বে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে এক বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে।

​জেলা কমান্ড্যান্ট এবং কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ইউএভিডিও)-র সার্বিক নির্দেশনা ও পরামর্শে মুন্সিবাজার ইউনিয়নের অন্যান্য ভিডিপি সদস্যদের সঙ্গে নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

​অভিযানকালে মুন্সিবাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা, হাট-বাজারের সংলগ্ন স্থান এবং জনসাধারণের চলাচলের পথ থেকে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারসহ রাস্তার দুই পাশের ঝোপঝাড় কেটে পরিষ্কার করা হয়। এতে করে পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত হয়েছে। পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরতে সচেতনতামূলক নির্দেশনাও দেয়া হয়।

​উল্লেখ্য, ভিডিপি সদস্য মো. আশরাফুল আলম দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অবদান রেখে আসছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে ইউনিয়ন ভিডিপি সদস্যরাও অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অভিযানে অংশ নেন।

​স্বেচ্ছাসেবী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ। তারা জানান, আশরাফুল আলমের মতো তরুণদের এই ধরনের নিবেদিত কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যদেরও জনকল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন