জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করেছেন মুন্সিবাজার ইউনিয়নের ভিডিপি সদস্যরা।
আজ রবিবার (০২আগস্ট ) উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার অনুমতিক্রমে মুন্সিবাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্রধান সড়কের পাশে জমে থাকা অতিরিক্ত ঝোপঝাড় পরিষ্কার করা হয়। স্থানীয় ভিডিপি সদস্য মো.আশরাফুল আলমের বিশেষ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান সড়কের দুই পাশে ঝোপঝাড় গজিয়ে ওঠার কারণে সাধারণ পথচারী এবং বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থানীয় স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। জনস্বার্থ ও নিরাপত্তার কথা বিবেচনা করে ভিডিপি সদস্যরা স্বেচ্ছায় এগিয়ে এসে সড়কটি পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। পরিচ্ছন্নতা অভিযান চলাকালে বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাটিতে উপড়ে পড়ে থাকা ‘স্কুল’ চিহ্নিত রোড সাইনবোর্ডটিও যথাস্থানে পুনঃস্থাপন করা হয়।
ভিডিপি সদস্যদের এই জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সুধীজন ও স্থানীয় বাসিন্দারা। তারা জানান, সামাজিক এ ধরনের স্বেচ্ছাসেবী কাজ এলাকার পরিবেশ ও নিরাপত্তা রক্ষা করতে বড় ভূমিকা রাখে। নিজ নিজ অবস্থান থেকে সবাই এভাবে এগিয়ে এলে সমাজ আরও সুন্দর ও সুসংগঠিত হবে।
