সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’র সমাপনী পথসভা সরকারবিরোধী নানা বক্তব্য ও রাজনৈতিক সমালোচনায় মুখর ছিল। সভায় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বর্তমান সরকারের কর্মকাণ্ড, সংস্কার কার্যক্রম এবং বিএনপির ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং শহীদদের বিচারের দাবিও পুনর্ব্যক্ত করেন।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা থানা সদর পয়েন্টে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “সরকার গঠনের পাঁচ মাসের মধ্যেই তারেক রহমান দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সংস্কার এবং জুলাই শহীদদের বিচারের প্রশ্নে সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এসব বিষয়ে ব্যর্থতা অব্যাহত থাকলে জনগণ তারেক রহমানের কাছ থেকে ক্ষমতা নিতে প্রস্তুত রয়েছে।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের পর বিএনপি চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজিতে জড়িয়ে পড়েছে। স্কুল-কলেজ, হাসপাতাল, সিএনজি স্ট্যান্ডসহ বিভিন্ন জায়গা দখল করে চাঁদাবাজি চলছে। মানুষ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না, শিক্ষা প্রতিষ্ঠানেও স্বাভাবিক পরিবেশ নেই।”
সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, “খাম্বা থাকলেও বিদ্যুৎ পাওয়া যায় না। দেশকে সংস্কারের পথে এগিয়ে নেওয়ার পরিবর্তে তারেক রহমানের সরকার স্বৈরাচারী শাসনের দিকেই এগোচ্ছে।”
পথসভায় বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু, সিলেট জেলা এনসিপির আহ্বায়ক জুনেদ আহমদ, সদস্য সচিব কামরুল আরিফ, মহানগরের সদস্য সচিব কিবরিয়া সারোয়ার এবং কোম্পানীগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক উবায়েদ আহমেদ।
বক্তারা বলেন, এনসিপির ‘জুলাই পদযাত্রা’ এদিন শেষ হলেও জুলাই গণ-অভ্যুত্থানের আদর্শ বাস্তবায়নের আন্দোলন চলমান থাকবে। তারা দাবি করেন, ২০২৪ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছিল। সেই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি ও বিচার প্রশ্নে গণতন্ত্রপন্থী শক্তির ঐক্য অটুট রাখারও আহ্বান জানান তারা।
এর আগে নাসির উদ্দিন পাটোয়ারী, সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা ভোলাগঞ্জ স্থলবন্দর জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করে তারা পথসভাস্থলে পৌঁছান। সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। বক্তারা আগামী দিনে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের লক্ষ্য ও প্রত্যাশা বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।