জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ বলেছেন, রডের বদলে বাঁশ, এমন ঘটনা যদি আমার এলাকায় ঘটে তবে কোনো বাধা আমাকে আটকাতে পারবে না। যত গভীরে যেতে হয়, আমি তার জন্য যাবো। কোনো দুর্নীতিবাজ বিএনপির কর্মী হতে পারে না। কোনো দুর্নীতিবাজ আমার ডানে বামে আশ্রয় প্রশ্রয় পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সরকারের সবগুলো বিভাগকে অনুরোধ বর্তমান সরকার শহীদদের রক্তের ওপর ভর করে এসেছে। কোনো শহীদের রক্তের সঙ্গে আমরা বেইমানি করতে পারি না।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, একবেলা ভাত খাওয়ার জন্য পাঁচ হাজার টাকার প্রয়োজন হয় না। অল্প খাবেন সুস্থ থাকবেন। কোটি কোটি টাকা রোজগার করেছে, টিনশেডের ঘরে ভাড়া থেকেছে। বিশাল অট্টালিকা বানিয়েছে। কিন্তু এখন তার সন্ধ্যাবাতি দেওয়ার কেউ নেই। এটিই বাস্তবতা। তারা পালিয়ে বেড়াচ্ছে।
জি কে গউছ বলেন, আজ যারা অন্যায় করেছে, মানুষের ওপর জুলুম করেছে, সম্পদ লুণ্ঠন করেছে তাদের অনেকেই অনেক জায়গায় মৃত্যুবরণ করছেন। কিন্তু তাদের জানাজা কোথায় হবে, দাফন কাফন কোথায় হবে পরিবার চিন্তিত। কারণ তারা খুনের মামলার আসামি, দুর্নীতির মামলার আসামি। তাহলে আমরা কোন রাজনীতি করি? মৃত্যুর পর আমার লাশ আমার ভিটায় আসবে না। আমার লাশ নিয়ে পরিবার চিন্তিত হবে। এমন জীবন নিশ্চয়ই আমরা আশা করি না।
তিনি আরও বলেন, অতএব যে কাজ করলে পালিয়ে বেড়াতে হবে না আমরা সেই কাজ বেশি বেশি করবো। যে কাজ করলে পালাতে হবে সে কাজ আমরা একেবারেই করবো না। তাহলে আমরা বাড়িতে থাকতে পারবো। আমি চাই না এক সেকেন্ডের জন্যও আমার বাড়ি থেকে পালিয়ে অন্য জায়গায় যাই।
আইডিইবি’র জেলা সভাপতি প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মনসুর রশিদ কাজলের পরিচালনায় এতে ডিপ্লোমা প্রকৌশলীরা বক্তৃতা করেন। এর আগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
