সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি করা হয়েছে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলার বিএনপির ১ম যুগ্ম আহবায়ক জুনাব আলীকে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়ায় তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের কার্যালয়ে সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
দেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম স্থল শুল্ক বন্দর তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের নির্বাচন অবাদ, নিরপেক্ষ এবং সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয় তার জন্য তাকে এই দায়িত্ব দেয়া হয়।
এছাড়াও সভায় সর্ব সম্মতি ক্রমে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ও ৩ সদস্য বিশিষ্ট আপিল বোর্ড কমিটি গঠন করা হয়েছে।
সভায় সংগঠনটির সভাপতি মোঃ খসরুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ সবুজ আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শামসুল হক।
সভায় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী,উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জল ও বাদাঘাট ইউনিয়ন বিএনপি সভাপতি রাখাব উদ্দিনকে সদস্য করা হয়েছে।
অপরদিকে, নির্বাচনে আপীল বোর্ডের সভাপতি শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি ও ডা. শামসুদ্দিনকে সদস্য করা হয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সদস্য একেএম নাসের উজ্জ্বলসহ তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের কার্যকরী কমিটির সকল সদস্য ছাড়াও বাগলী আমদানিকারক গ্রুপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ এবং চারাগাঁও শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ সবুজ আলম জানান, সভায় কয়লা আমদানি ও ব্যবসা-বাণিজ্যে ঐক্যবদ্ধ থেকে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা সুদৃঢ় করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। আগামী দিনে এই শুল্ক বন্দরে যেন উন্নয়নের ছোঁয়ার ব্যাপক পরিবর্তন হয় তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান তিনি।
