ট্র্যাজেডির ছায়ায় ঢেকে গেল ইকুয়েডরের একটি গির্জা। লাইভস্ট্রিমের মধ্যেই ধর্মীয় প্রার্থনার মাঝেই দেয়াল থেকে হঠাৎ বিশালাকার কাঠের ক্রুশ কাঠ ধসে পড়ে মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয়েছে এক ক্যাথলিক যাজকের। মর্মান্তিক এই দৃশ্যটি ক্যামেরায় বন্দি হয়ে অনলাইনে ছড়িয়ে পড়ে।
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়ায়াকিলের ‘আওয়ার লেডি অব পারপেচুয়াল হেল্প’ গির্জায় শনিবার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গির্জার সার্বিক প্রার্থনা অনুষ্ঠানটি সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল।
প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, ৫৩ বছর বয়সী গির্জার প্রধান যাজক ফাদার পাত্রিসিও আলফ্রেডো সানচেজ মোলিনারি বেদির কাছে দাঁড়িয়ে প্রার্থনা পরিচালনা করছিলেন। ঠিক তখনই তার পেছনে দেয়ালে ঝুলানো বড় আকারের ক্রুসিফিক্সটি হঠাৎ সামনের দিকে কাত হয়ে সরাসরি তার ওপর ভেঙে পড়ে। মাত্র ৩০ মিনিটের মধ্যে ঘটে যাওয়া এই অকস্মাৎ দুর্ঘটনায় স্তম্ভিত ও শোকস্তব্ধ হয়ে পড়েন উপস্থিত পুণ্যার্থীরা।
পরবর্তীতে গুয়ায়াকিলের আর্চডায়োসিস এক অফিশিয়াল বিবৃতিতে যাজকের মৃত্যুর খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, কার্ডিনাল লুইস ক্যাব্রেরা তার আত্মার চিরশান্তির জন্য প্রার্থনায় যোগ দিচ্ছেন এবং পরিবার, তার আত্মীয়স্বজন ও বন্ধুদের প্রতি তাঁর গভীর সমবেদনা, স্নেহ ও ভালোবাসা প্রকাশ করছেন।