লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে প্রায়ই দায়িত্বপ্রাপ্ত নার্স না থাকার অভিযোগ উঠেছে। এতে ভর্তি রোগীদের সময়মতো প্রয়োজনীয় সেবা পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিদিন বহির্বিভাগ, জরুরি বিভাগ ও অন্তর্বিভাগে চিকিৎসাসেবা দিয়ে থাকে।
রোগীর স্বজনদের অভিযোগ, অনেক সময় ওষুধ প্রয়োগ, স্যালাইন পরিবর্তন কিংবা জরুরি প্রয়োজনে নার্সকে খুঁজে পাওয়া যায় না। একাধিকবার খোঁজাখুঁজির পরও দায়িত্বপ্রাপ্ত কাউকে না পেয়ে রোগীদের দুর্ভোগ বাড়ে বলে তারা অভিযোগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগীর স্বজন বলেন, “রাতে প্রয়োজন হলে নার্সকে পাওয়া যায় না। অনেক সময় অন্য ওয়ার্ডে গিয়ে খোঁজ করতে হয়। এতে রোগীর চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।
রোগী ও রোগীর স্বজনদের দাবি,লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত জনবল নিশ্চিত করার পাশাপাশি পুরুষ ওয়ার্ডে সার্বক্ষণিক নার্সের উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন, যাতে রোগীরা যথাসময়ে প্রয়োজনীয় সেবা পান।
এ বিষয়ে জানতে আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মুকতাদির বলেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের তীব্র সংকট।এজন্য ৩য় তলায় পুরুষ ওয়ার্ডে নিয়মিত নার্স দিতে পারতেছি না,২য় তলায় শিশু ওয়ার্ড ও মহিলা ওয়ার্ডে রোগীর চাপ বেশি হওয়ায় নার্সদের হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত।আজ(২১ জুলাই)আইন শৃঙ্খলা মিটিংয়ে মাননীয় হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি স্যারকে এবিষয়ে অবগত করেছি, আশা করি দ্রুতই এ সংকট সমাধান হবে।
