- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

লাখাই উপজেলার বুল্লা বাজারে একের পর এক চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

হবিগঞ্জের লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বুল্লা বাজারে একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। সর্বশেষ (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরীর বিসমিল্লাহ কসমেটিকস অ্যান্ড গিফট কর্নার-এ চুরির ঘটনা ঘটেছে। একই রাতে বাজারের মসজিদেও চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জানা যায়, দুর্বৃত্তরা রাতের কোনো একসময় দোকানটির পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দোকানে থাকা মালামাল ও নগদ অর্থ নিয়ে যায় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। একই রাতে পার্শ্ববর্তী মসজিদেও চুরির ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, বুল্লা বাজার ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিশেষ করে রাতের বেলায় বাজারের নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মিত টহল নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের কষ্টার্জিত অর্থ ও বিপুল পরিমাণ মালামাল নিয়ে তারা ব্যবসা পরিচালনা করেন। বাজারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকলে ভবিষ্যতে আরও চুরির ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

চুরির ঘটনাগুলো তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি বুল্লা বাজারে রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নিয়মিত পুলিশি টহল এবং প্রয়োজনীয় নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চুরির ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন