লাখাইয়ে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও সুধীজনের সাথে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।
মতবিনিময় সভায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ।
লাখাই উপজেলার সমস্যা সম্ভাবনা ও প্রস্তাবনা তুলে ধরে আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম,লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, লাখাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাজী মহসিন সাদেক, লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমন আহমেদ বিজয় ও উপজেলা মহিলা দলের সভাপতি পান্না আক্তার।
বিভিন্ন দপ্তরের সমস্যা তুলে ধরে আলোচনায় অংশ নেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল্লাহ আল মুকতাদির,পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহরিয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম রাকিব ও মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেন, লাখাই উপজেলার প্রধান নদী সুতাং নদীকে শিল্প বর্জের কবল থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে, সুতাং নদী সহ অপরাপর নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে পর্যায়ক্রমে খননের আওতায় আনা হবে। শিল্প দুষন রোধ ও নদীর নাব্যতা ফিরিয়ে এনে এবং নির্বিচারে কীটনাশক প্রয়োগ বন্ধ করে দেশী প্রজাতির মাছের গৌরবোজ্জ্বল ইতিহাস সমুন্নত রাখতে উদ্যোগ গ্রহণ করা হবে।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন প্রত্যেকে তাদের নিজ নিজ অবস্থান থেকে সচ্ছলতা, জবাবদিহিতা নিশ্চিত করে জনবান্ধব সেবা দিতে হবে।
মতবিনিময় সভার আগে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশধান এর বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।
