- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

কৃষি কর্মকর্তার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল
লাখাইয়ে ডিজিটাল সার বিক্রয় রেজিস্টার ব্যবহারে সুফল পাচ্ছেন কৃষকরা

লাখাই উপজেলায় সার বিক্রয়ে ডিজিটাল সার বিক্রয় রেজিস্টার ব্যবহার বাধ্যতামূলক করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম। তাঁর এ উদ্যোগের ফলে সার বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি সুফল পাচ্ছেন কৃষকরা। কৃষি বিভাগের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

জানা যায়, সার বিক্রয়ের হিসাব সংরক্ষণ ও কার্যক্রম আরও সুশৃঙ্খল করতে ডিলারদের ডিজিটাল সার বিক্রয় রেজিস্টার ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে সার বিক্রয়ের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ ও ব্যবস্থাপনা সহজ হচ্ছে। ফলে সার বিতরণ কার্যক্রম তদারকি এবং কৃষকদের কাছে সঠিকভাবে সার পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে এ উদ্যোগ।

এদিকে, ডিজিটাল সার বিক্রয় রেজিস্টার ব্যবহারের জন্য এক সার ডিলারের কাছে স্মার্টফোন না থাকায় তিনি নতুন স্মার্টফোন কিনেছেন। পরে ডিজিটাল পদ্ধতিতে সার বিক্রয়ের হিসাব সংরক্ষণ ও রেজিস্টার যথাযথভাবে মেইনটেইন করে তা দেখানোর জন্য উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলামের কাছে উপস্থিত হন। তাঁর এ উদ্যোগ ডিজিটাল পদ্ধতিতে সার বিক্রয় কার্যক্রম পরিচালনার প্রতি ডিলারদের আগ্রহ ও দায়িত্বশীলতার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সচেতন মহলের মতে, সার বিক্রয়ে ডিজিটাল রেজিস্টার ব্যবহারের ফলে অনিয়ম রোধ, সঠিক হিসাব সংরক্ষণ এবং প্রকৃত কৃষকদের কাছে সার প্রাপ্তি সহজতর করার সুযোগ তৈরি হয়েছে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে কৃষি উপকরণ বিতরণে স্বচ্ছতা বাড়বে এবং কৃষকরা আরও বেশি উপকৃত হবেন।

তাঁরা লাখাই উপজেলা কৃষি কর্মকর্তার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ডিজিটাল সার বিক্রয় রেজিস্টার ব্যবহারের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন