লাখাই উপজেলায় সরকারি খাল খনন প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচির অংশ হিসেবে লাখাই উপজেলার কালিয়াদারা তেঘরিয়া খাল পুনঃখনন ও সাতাউক খাল পুনঃখনন প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পর অব্যয়িত অর্থ বিধি অনুযায়ী সরকারি কোষাগারে ১৯৩২৮৩৯ টাকা জমা দেওয়া হয়েছে। সরকারি অর্থের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, উন্নয়ন প্রকল্পের অবশিষ্ট অর্থ যথাযথভাবে সরকারি কোষাগারে ফেরত দেওয়া সরকারি সম্পদের সঠিক ব্যবস্থাপনার একটি ইতিবাচক উদাহরণ। তারা বলেন, এ ধরনের পদক্ষেপ সরকারি অর্থের অপচয় রোধের পাশাপাশি প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন, “সরকারি অর্থ জনগণের সম্পদ। প্রকল্প বাস্তবায়নের পর যে অর্থ অব্যয়িত থাকে, তা নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে ফেরত দেওয়াই আমাদের দায়িত্ব। সরকারি বিধি-বিধান মেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই উপজেলা প্রশাসনের লক্ষ্য।”
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে একই ধরনের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় থাকবে এবং সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহারে প্রশাসন আরও কার্যকর ভূমিকা রাখবে।