লাখাই উপজেলার ফুলবাড়িয়ায় নবীগঞ্জের তারেক আহমেদ (২১) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সায়েল মিয়া (২০)-কে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর দিবাগত রাত পেরিয়ে ২৩ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টার দিকে লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের ছুর রহমানের বাড়ির একটি নির্মাণাধীন দুইতলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে মোঃ তারেক আহমেদ (২১)-এর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তারেক আহমেদ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মোঃ মহব্বত উল্লার ছেলে।
এ ঘটনায় নিহতের বাবা মোঃ মহব্বত উল্লা বাদী হয়ে ২৮ অক্টোবর লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি লাখাই থানার মামলা নং-১৭ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে মোঃ সায়েল মিয়া (২০)-কে গ্রেফতার করা হয়। পরে তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। লাখাই থানার মামলা নং-১৭, তারিখ ২৮ অক্টোবর ২০২৬। মামলায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৮০/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
