সবজি যোগায় পুষ্টি, রক্ষা করে পরিবেশ। লিডিং ইউনিভার্সিটি পরিবারে পুষ্টির যোগানে সবজি বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের বাংলোর পার্শ্ববর্তী নিজস্ব জমিতে উৎপাদিত শালগম, লাল শাক, মুলা, পাতা কপি ও আলুসহ বিভিন্ন ধরনের শাকসবজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে বিতরণ করা হয়।
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সবজি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, পরিবেশ ও স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে সবজি চাষ গুরুত্বপূর্ণ। দেশের অর্থনীতিতে অবদান এবং সবজি চাষ খাদ্য নিরাপত্তাহীনতা হ্রাস করে, পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। পাশাপাশি পরিবারে প্রতিদিন তাজা ও পুষ্টিকর শাকসবজির যোগান পাওয়ায় তা থেকে তাদের ভিটামিন, খনিজ ও উদ্ভিজ্জ প্রোটিনের চাহিদা পূরণ হয়। তাই আমাদের সবাইকে যতটুকু সম্ভব সবজি চাষ করতে হবে।
উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রতিবছর শাকসবজি চাষ এবং সেগুলো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিতরণ খুবই প্রশংসনীয় এবং এ উদ্যোগ তাদেরকে নিজস্ব উদ্যোগে শাকসবিজি চাষে উদ্বুদ্ধ করবে। দানবীর ড, সৈয়দ রাগীব আলীর পৃষ্ঠপোষকতায় এ উদ্যোগে অভিভুত হয়ে তিনি আরো বলেন, মানুষের কল্যাণে সবসময়ই পাশে থাকেন দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং তিনি এভাবে দান করে আনন্দ পান।
সবজি বিতরণ অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, প্রক্টর মো. মাহবুবুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। সবজি বিতরণ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন লিডিং ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা রেজিস্ট্রার মোহাম্মদ আলমগীর হোসাইন।
