দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে ক্যাম্পাস ক্লিনিং ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে রোববার (০৪ অক্টোবর ২০২৬) সকালে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের নেতৃত্বে র্যালী বের করা হয়। র্যালী পরবর্তী ক্যাম্পাসের বিভিন্ন যায়গায় পরিছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করে উপাচার্য প্রফেসর ড. তাজ উদ্দিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে লিডিং ইউনিভার্সিটি এ কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এডিস মশার প্রজননস্থল (ছাদ, বেলকনি, ফুলের টব, ডাবের খোসা, প্লাস্টিক বোতল ও পরিত্যক্ত টায়ার এবং বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের আশেপাশের যায়গা) নিয়মিত পরিষ্কার রাখা এবং জমানো পানি ফেলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তিনি ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে দেশের সকল প্রতিষ্ঠানের সাথে সম্মিলিত প্রয়াসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
