- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

লন্ডনে বাংলাদেশিদের ফুটবলের ৫০ বছরের ইতিহাস

লন্ডনের টাওয়ার হ্যামলেটসে ব্রিটিশ বাংলাদেশিদের ৫০ বছরের ফুটবল ঐতিহ্য সংরক্ষণে লেখক ও ফুটবলার তারিক হুসেইন এর তত্ত্বাবধানে শুরু হয়েছে নতুন একটি হেরিটেজ প্রকল্প।বেঙ্গল ইউনাইটেড: দ্য স্টোরি অব ব্রিটিশ বাংলাদেশি ফুটবল ইন টাওয়ার হ্যামলেটস’ নামের প্রকল্পটি স্বাধীনতা ট্রাস্টের উদ্যোগে এবং ন্যাশনাল লটারি হেরিটেজ ফান্ডের সহায়তায় পরিচালিত হচ্ছে।

১৯৭০ সাল থেকে পূর্ব লন্ডনে বাংলাদেশিদের বসতি গড়ে ওঠার সময় থেকে বর্তমান পর্যন্ত কমিউনিটির ফুটবলের বিকাশ ও ভূমিকা এই প্রকল্পে তুলে ধরা হবে।

খেলোয়াড়, কোচ, সংগঠক ও পরিবারের সদস্যদের সাক্ষাৎকার গ্রহণ,পুরোনো ছবি, জার্সি, নথি, প্রচারপত্র ও অন্যান্য স্মারক সংগ্রহের পাশাপাশি এসব উপকরণের মাধ্যমে ব্রিটিশ বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে ফুটবলের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হবে।

প্রকল্পের সংগৃহীত তথ্য ও স্মৃতি একটি অনলাইন রিসোর্স, শিক্ষামূলক প্রকাশনা ও ভ্রাম্যমাণ প্রদর্শনীর মাধ্যমে জনসাধারণের সামনে তুলে ধরা হবে। নির্বাচিত মৌখিক ইতিহাস ও ডিজিটাল উপকরণ টাওয়ার হ্যামলেটস লোকাল হিস্ট্রি লাইব্রেরি অ্যান্ড আর্কাইভসে সংরক্ষণ করা হবে।

স্বাধীনতা ট্রাস্টের সভাপতি জামিল ইকবাল বলেন, ব্রিটিশ বাংলাদেশি অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ একটি অংশ হলেও ফুটবলের এই ইতিহাস এতদিন যথাযথভাবে নথিবদ্ধ হয়নি। নতুন প্রজন্মের জন্য এই ঐতিহ্য সংরক্ষণ ও দৃশ্যমান করাই প্রকল্পটির অন্যতম প্রধান লক্ষ্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন