বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশিকুর রহমান আশিক প্রায় ১৭ বছর পর নিরাপদে বাংলাদেশে এসে পৌঁছেছেন।
রোববার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং সিলেট জেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন।
এ সময় সুনামগঞ্জ জেলা বিএনপি, ছাতক উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিমানবন্দর থেকে নেতাকর্মীদের বিশাল গাড়িবহনের মধ্য দিয়ে আশিকুর রহমান আশিককে তাঁর নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ১৭ বছর পর তাঁর দেশে ফেরাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিতি ও মোটরসাইকেল শো-ডাউনকে কেন্দ্র করে এলাকায়ও আলোচনা সৃষ্টি হয়েছে।
