একসময় হাওরে জাল ফেললেই মিলত ট্যাংরা, পুঁটি, বোয়ালি, আইড়, রুই-কাতলাসহ নানা প্রজাতির দেশি মাছ। দিন-রাত মাছ ধরে জীবিকা চলত জেলেদের, জমজমাট ছিল মাছের ব্যবসাও। সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে। ঘণ্টার পর ঘণ্টা জাল ফেলেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। নেত্রকোনার খালিয়াজুরীর হাওরাঞ্চলে মাছের এমন সংকটে বিপাকে পড়েছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। ৩৫ বছর ধরে হাওরে মাছ ধরা জেলে সজল বর্মণের চোখের সামনেই বদলে গেছে মাছের প্রাচুর্যের সেই চেনা দৃশ্য। এখন অনেক দিন জাল টেনেও জেলেদের ভাগ্যে জুটছে মাত্র ১০০ থেকে ৩০০ টাকার মাছ।
সজল বর্মণ বলেন, আগে এই নদীতে জাল ফেললেই মাছ পেতাম। দিন-রাত নদীর পানিতেই থেকেছি। কত রকমের দেশি মাছ যে ধরেছি, তার হিসাব নেই। এখন ঘণ্টার পর ঘণ্টা জাল ফেলে বসে থাকলেও তেমন মাছ মেলে না। নদীর পানি আছে, কিন্তু মাছ আর আগের মতো নেই। ৩৫ বছর ধরে মাছ ধরছি, নিজের চোখের সামনে নদীর এমন পরিবর্তন দেখছি। আগের সেই মাছের দিনগুলা এখন শুধু মনে পড়ে।
শুধু জেলেরা নন, নদী-হাওরের মাছকে ঘিরে গড়ে ওঠা ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরাও পড়েছেন বিপাকে। খালিয়াজুরী উপজেলা সদরের জেলে সুবল দাস কয়েক বছর আগেও প্রতিদিন ভোরে সঙ্গীদের নিয়ে হাওরে যেতেন। এখন ঘণ্টার পর ঘণ্টা জাল টেনেও অনেক দিন তার ভাগ্যে জোটে মাত্র ১০০ থেকে ৩০০ টাকার মাছ।
সুবল দাস বলেন, ‘একটা খেও দিতে এক-দেড় ঘণ্টা সময় লাগে। মাছ ওঠে এক-দেড়শ টাকার। ৫০-৬০ হাজার টাকা খরচ করে জাল-নৌকা কিনেছি। এগুলো দিয়ে খাব নাকি বিক্রি করব? আমার আর পোষায় না। আমার তিনডা মেয়ে আছে, লেখাপড়া আছে, সংসার খরচ আছে। মেয়েগুলারে কেমনে বিয়ে দিমু এই এক-দেড়শ টাকার ভেতর? নদীতে মাছ নাই। দিন দিন কমে যাইতাছে।’
কমছে মাছ, বদলাচ্ছে জেলেদের জীবন
একসময় নেত্রকোনার খালিয়াজুরীসহ হাওরাঞ্চলের কংস, ধনু ও সোমেশ্বরী নদী ছিল দেশি মাছের ভান্ডার। জাল ফেললেই নৌকা ভরে উঠত নানা প্রজাতির মাছে। সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। চায়না দুয়ারি জাল দিয়ে ছোট-বড় মাছ নিধন করার কারণে হুমকিতে পরেছে মিঠা পানির মৎস্য ভান্ডার ও জীববৈচিত্রও।
স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নদীতে জাল টেনেও এখন বাতাই, বাঁশপাতালি, রাণী মাছ, চিংড়িসহ অনেক দেশি মাছের দেখা মেলে না। কখনো কয়েক ঘণ্টা নদীতে থাকার পর জালে ওঠে সামান্য মাছ। সেই মাছ বিক্রির টাকায় সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানোই কঠিন হয়ে পড়েছে।
মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরপাড়ের মল্লিকপুর গ্রামের জেলে চন্দন বর্মণ ও শ্যাওড়াতলী গ্রামের নিপেন্দ্র বর্মণ বলেন, তারা পৈতৃক সূত্রে মাছ ধরা ও বিক্রির সঙ্গে যুক্ত। এক যুগ আগেও হাওর থেকে যেসব মাছ ধরতেন, এখন সেগুলোর বেশির ভাগই আর পাওয়া যায় না।
খালিয়াজুরী উপজেলার বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি রবি চন্দ্র দাস বলেন, নদী, খাল, বিল ও হাওর ভরাট হয়ে যাওয়া এবং পানি শুকিয়ে মাছ ধরার কারণে অনেক দেশি মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে।
৬৪ প্রজাতির মাছ বিলুপ্তির পথে
জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলায় ছোট-বড় ১২টি নদী, ৬৬টি হাওর, ৪৫৬টি বিল ও ১৮৩টি খাল রয়েছে। এসব জলাশয়ের মোট আয়তন ৪৮ হাজার ৯১৩ দশমিক ২৯ হেক্টর। এসব উৎস থেকে বছরে প্রায় ১ লাখ ১০ হাজার ৭২ দশমিক ৯১ টন মাছ আহরণ করা হয়। তবে এক দশক আগের তুলনায় মাছের প্রাচুর্য ও বৈচিত্র্য কমেছে।
মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এক যুগ আগে নেত্রকোনার হাওরে ২৫৩ প্রজাতির মাছ পাওয়া যেত। এর মধ্যে অন্তত ৬৪ প্রজাতি এখন বিলুপ্তির পথে। ৩০ প্রজাতি সংকটাপন্ন এবং ৯ প্রজাতি চরম সংকটাপন্ন অবস্থায় রয়েছে।
মৎস্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মহাবিপন্ন অবস্থায় রয়েছে টাটকিনি, ঘারুয়া, চাকা, বাঘাইড়, রিঠা, রাণী, পাঙাশ, বামোশ, নাফতানী, চিতল, একথুটি, মহাশোল ও সরপুঁটি। সংকটাপন্ন অবস্থায় রয়েছে বাচা, ছেপ চেলা, ঢেলা, বাঁশপাতা, কুঁচে, নাপতে কই, রায়েক, কাক্কিয়া, টেংরা, ফলি ও গুজি আইড়। বিপন্ন অবস্থায় রয়েছে গোলসা, গনিয়া, দাড়কিনা, আইড়, পাবদা, বড় বাইম, গজার, তাঁরা বাইম, তিতপুঁটি, নামা চান্দা, কালিবাউশ, নান্দিনা, ঘোড়া, মধু পাবদা, খাশ খাইরা, এলং, তিলা শোল, খলিশা, বেদুরী, মেনি, শালবাইম, রায়েক ও গাং মাগুরসহ বিভিন্ন প্রজাতি।
পোনা নিধনে বাড়ছে সংকট
জেলেদের অভিযোগ, দেশি মাছ কমে যাওয়ার অন্যতম কারণ অবৈধ ও ক্ষতিকর জালের ব্যবহার। কারেন্ট জাল, চায়না দুয়ারি ও অতিরিক্ত সূক্ষ্ম ফাঁসের জালে বড় মাছের পাশাপাশি নির্বিচারে ধরা পড়ছে ছোট মাছ ও পোনা। এতে মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে না। প্রজনন মৌসুমে ডিমওয়ালা মাছ ধরা এবং প্রজননক্ষেত্রে জাল ফেলায় বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক বংশবিস্তার।
হাওরা এলাকার কয়েকজন প্রবীণ জেলে বলেন, ২০-৩০ বছর আগে যে মাছ দেখছি, মারছি, খাইছি এই মাছগুলো এখন পাওয়া যায় না। বড় বড় বেড়জাল দিয়ে মাছ ঘিরে মারে। কারেন্ট জাল, চায়না জাল দিয়ে পাঁচটা মাছ ধরলে বিশটা নষ্ট করে।
জেলেরা আরও জানান, হাওরে নতুন পানি আসার সময় অবাধে পোনা ও ডিমওয়ালা মাছ ধরা হয়। এতে পরবর্তী মৌসুমে মাছের সংখ্যা আরও কমে যাচ্ছে।
শুধু জীবিকা নয়, হুমকিতে জীববৈচিত্র
দেশি মাছের সংকট শুধু জেলেদের জীবিকার ওপর প্রভাব ফেলছে না, হুমকির মুখে পড়ছে হাওরের জলজ জীববৈচিত্র্যও। মাছের প্রজাতি কমে গেলে খাদ্যশৃঙ্খল ও জলজ পরিবেশের ভারসাম্যেও প্রভাব পড়ে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মৎস্য বিশেষজ্ঞ মাসুদ আলম খান বলেন, মাছের উৎপাদন বাড়ানো এবং বিলুপ্তি ঠেকাতে হাওরের জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে। মা মাছের নির্বিঘ্নে বেড়ে ওঠা ও প্রজননের সুযোগ তৈরি করা জরুরি। এ জন্য উন্মুক্ত জলাশয়, বিল ও নদীতে অভয়াশ্রম স্থাপন প্রয়োজন।
তিনি বলেন, দিন দিন জলাশয়ের গভীরতা কমে যাওয়া এবং পানি শুকিয়ে যাওয়ায় মাছের আবাসস্থল নষ্ট হচ্ছে। বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়ার কারণে মাছ স্রোতশীল পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে। এতে তাদের প্রজননও বাধাগ্রস্ত হচ্ছে।
কী বলছেন বিশেষজ্ঞরা
ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. আহমেদ খাইরুল হাসান বলেন, আমাদের পাশেই ভারতের মেঘালয় সীমান্ত। সেখান থেকে প্রতিবছর যে ঢল নেমে আসে, তাতে প্রচুর পলি নেমে আসে। হাওরাঞ্চলের নদী, খাল, বিলসহ জলাশয়গুলো গত দুই দশক ধরে খনন করা হয় না। এ কারণে পানি ধারণক্ষমতা কমে গেছে। পানির স্তর নিচে নেমে গেছে। এখনই হাওরাঞ্চল নিয়ে না ভাবলে অদূর ভবিষ্যতে এই অঞ্চলের কৃষি ও জলাশয়ের পরিবর্তন ঘটবে।
বিশেষজ্ঞদের মতে, নদী ও জলাশয়ের তলদেশে পলি জমলে একই পরিমাণ বৃষ্টিপাত বা ঢলের পানি আগের মতো ধরে রাখা সম্ভব হয় না। ফলে বর্ষার পানি দ্রুত নেমে যায় কিংবা জলাধারগুলো দ্রুত শুকিয়ে পড়ে। এর সঙ্গে পানিপ্রবাহে প্রতিবন্ধকতা তৈরি হলে সংকট আরও বাড়ে। মৎস্য ভান্ডার হুমকিতে পড়বে। তবে পানি কমে যাওয়ার পেছনে পলি জমা, জলবায়ু পরিবর্তন, বৃষ্টিপাতের তারতম্য ও স্থানীয় পানি ব্যবস্থাপনার কোনটির প্রভাব কতটুকু, তা নির্ধারণে বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন।
অভয়াশ্রমের পরিকল্পনা
নেত্রকোনা জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ বলেন, জেলার ১০ উপজেলায় ১ লাখ ৮ হাজার টন মাছের উৎপাদন হয়। হাওরাঞ্চলে উৎপাদিত মাছের পরিমাণ প্রায় সাড়ে ২৭ হাজার টন। হাওরে নতুন পানি আসার সময় জুন, জুলাই ও আগস্ট মাছ আহরণ বন্ধ রাখতে পারলে দেশি মাছের বিলুপ্তি অনেকটা ঠেকানো সম্ভব। এ ছাড়া শুকনো মৌসুমে অনেক সময় আইন অমান্য করে বিল-জলাশয় সেচে মাছ আহরণ করা হয়। এ ধরনের কার্যক্রম বন্ধেও ব্যবস্থা নেওয়া দরকার।
তিনি বলেন, বিলুপ্ত প্রজাতির মাছ সংরক্ষণের জন্য হাওরে স্থায়ী মাছের অভয়াশ্রম করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে বিলুপ্তির পথে থাকা অনেক প্রজাতির মাছ আবারও হাওরে ফিরিয়ে আনা সম্ভব হবে।
জেলেদের দাবি, শুধু অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করলেই সমস্যার সমাধান হবে না। নদীর নাব্যতা ফিরিয়ে আনা, মাছের প্রজননক্ষেত্র রক্ষা, অভয়াশ্রমে নজরদারি বাড়ানো এবং প্রজনন মৌসুমে মাছ ধরা কার্যকরভাবে বন্ধ করতে হবে। একই সঙ্গে মাছ কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরিরও দাবি তাদের।
প্রবীণ জেলেদের আশঙ্কা, এভাবে মাছ কমতে থাকলে আগামী প্রজন্মের কাছে হাওরের বহু দেশি মাছ শুধু গল্প আর ছবিতেই পরিচিত হয়ে থাকবে।
