হবিগঞ্জের মাধবপুরে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে খড়ের আড়ালে লুকানো ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত দেড়টার দিকে তেলিয়াপাড়া বিওপির টহলদল ঢাকা–সিলেট পুরাতন মহাসড়কের জগদীশপুর এলাকায় একটি খড়বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে গরুর খাবার খড়ের ভেতরে লুকানো বস্তার মধ্যে থেকে গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মো. নজরুল ইসলাম (৩৭) ও বহরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রহমত আলী (৪৩)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা ব্যবহার করে মাদক পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানিয়েছেন, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযান চলাকালে আরও কয়েকজন পাচারকারী পালিয়ে গেছে, তাদের শনাক্ত ও গ্রেপ্তারে নজরদারি বাড়ানো হয়েছে।
