মাধবপুরে ২৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ১

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকার ড্রাইভার হোটেলের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই মো. সাইফুল ইসলাম, এএসআই মো. নাঈম মিয়া, এএসআই ইদ্রিস আলীসহ ডিবির একটি চৌকস দল অভিযান চালায়।

অভিযানকালে চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের আহাদ মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (২৫)-কে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার এবং কালো রঙের একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৫-৬৫৩৭) জব্দ করা হয়।

পুলিশের তথ্যমতে, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা এবং জব্দকৃত মাইক্রোবাসটির মূল্য ৩০ লাখ টাকা।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি একে এম শামীম হাসান বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন