- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

মাধবপুরে ৩৬১ বোতল এসকাফ, গাঁজাসহ নারী গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদসহ ফাতেমা বেগম (২৫) নামে এক নারীকে গ্রেফতার করা করেছে র‍্যাব-৯। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সোয়া ৩টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে ফাতেমার বসতবাড়িতে অভিযান চালিয়ে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল তাকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, অভিযানের সময় দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ফাতেমা বেগমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের খাটের নিচে থাকা দুটি পাটের বস্তা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ফাতেমা বেগম রসুলপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে ও বাবুল মিয়ার স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ও তার পলাতক সহযোগী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে র‍্যাবকে জানান।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত নারী ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত নারী ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।মাদকের বিরুদ্ধে র‍্যাব-৯ এর অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন