হবিগঞ্জের মাধবপুরে র্যাব-৯-এর অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে র্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, সিলেট থেকে রংপুরগামী যাত্রীবাহী সাগরিকা পরিবহনে করে কয়েকজন ব্যক্তি মাদক নিয়ে ঢাকার দিকে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে রাত আনুমানিক ১টা ৫ মিনিটে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে র্যাব। চেকপোস্টে সাগরিকা পরিবহন থামিয়ে তল্লাশি চালানোর সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ইয়াবা থাকার কথা স্বীকার করেন। এরপর তাদের তল্লাশি করে ২০টি কালো রঙের বায়ুরোধক পলি জিপার প্যাকেট থেকে মোট ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামের আব্দুল সামাদের ছেলে মো. আফজাল মিয়া (৪০) এবং খুলনার পাইকগাছা উপজেলার পাইকগাছা গ্রামের আলী মিয়ার স্ত্রী মারুফা আক্তার (২৬)।
র্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯-এর অভিযান অব্যাহত থাকবে।
