- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

বুধবার (৪ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত মঙ্গলবার (৩ মার্চ) রাত ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাধবপুর থানাধীন শাহজাহানপুর ইউনিয়নের একটি চা বাগানের সামনে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ১০টায় সেখানে অভিযান পরিচালনা করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি তিনটি পাটের বস্তা ও একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে খাকি রঙের স্কচ টেপে মোড়ানো অবস্থায় মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অন্য কেউ পালিয়ে গেছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন—চুনারুঘাট উপজেলার লস্করপুর গ্রামের মৃত জনু মন্ডার ছেলে বিনয় মন্ডা (৩০) এবং একই উপজেলার বেগমখান গ্রামের নিতন বাকতীর ছেলে সাথী বাকতী (৩০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে মাধবপুরসহ আশপাশের এলাকায় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে আসেন।

র‍্যাব জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের এবং জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন